শিরোনাম :

  • ,

বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: আছাদুজ্জামান

DMP-Comissionerনিজস্ব প্রতিবেদক: অতীত অভিজ্ঞতার আলোকে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বইমেলায় কয়েক স্তরে সাদা পোষাকের পুলিশ মোতায়েনসহ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার সকাল পৌনে ১১টায় রাজারবাগ পুলিশ লাইন এ পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, আলোর স্বল্পতার কারণে গতবার অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার যাতে এ ধরণের কোনো সমস্যা না ঘটে সে জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আলোর ব্যবস্থা জোরদার করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনুরোধ করা হচ্ছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো একটা ঘটনায় পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা যায় না। এবার যাতে কোনো ধরণের প্রশ্ন না উঠে সে জন্য সাদা পোষাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া আরো দুটি অতিরিক্ত পুলিশ কন্ট্রল রুম বসানো হবে।

তিনি আরো বলেন, বইমেলা ঘিরে যাতে কোনো ধরণের যানজট তৈরি না হয় সে জন্যেও ব্যবস্থা নেয়া হয়েছে। রুপসী বাংলার পাশ দিয়ে ও শাহবাগ থেকে শিশুপার্ক হয়ে সব যানবাহন চলাচলের ব্যবস্থা নেয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে যানজট তৈরি হতে দেয়া হবে না।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন। মেয়র বলেন, ঢাকা দুই সিটি কর্পোরেশন ‘ক্লিন ঢাকা’ গড়তে যে পরিস্কার কর্মসূচি গ্রহণ করা করা হয়েছে আমরা তাকে স্বাগত জানাই।

সিটি কর্পোরেশনের সব ধরণের পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচিতে পুলিশের সহযোগীতা ও অংশগ্রহণ শতভাগ থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বোতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।