ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
ঢামেকে ৪ দিনে মৃত্যু ৩১
এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৭৮৬ জন, মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক |
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় ১৯৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪০৩ জন।
মঙ্গলবার (৫ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১২৮ জনকে। এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা ১ হাজার ৬৯৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০ জন, সবমিলিয়ে ছাড় পেয়েছেন এক হাজার ২৪৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৪৭৭ জনকে। এখন পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ৮১১ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ২৮৮ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬৮৯ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ১২২ জন।
ঢামেক করোনা ইউনিটে ৪ দিনে মৃত্যু ৩১ জনের
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ভর্তি শুরুর চার দিনের মাথায় এ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১ জনে।
মঙ্গলবার (৫ মে) ঢামেক করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ দেশনিউজকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢামেকের করোনা ইউনিটে ২ মে ১ জন, ৩ মে ১২ জন, ৪ মে ১৩ জন এবং আজ (৫ মে) ৫ জন মারা গেছেন।
মোহাম্মদ রিয়াজ বলেন, গত শনিবার (২ মে) থেকে ঢামেক বার্ন ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে ভর্তি শুরু হয়। আজ পর্যন্ত ৩১ জন মারা গেল। মৃতদের মধ্যে নমুনা পরীক্ষায় চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। তারা করোনা পজিটিভ কিনা, টেস্টের ফলাফলের আগেই মৃত্যুবরণ করে। নিয়ম অনুযায়ী ২৬টি মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
রিয়াজ আরও জানান, এই চারদিনে এই ইউনিটে মোট ৩০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত। সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।

