ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
রাজধানীসহ চার স্থানে সড়কে ঝরলো ১৬ প্রাণ
দেশনিউজ রিপোর্ট।
রাজধানী ঢাকা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত আলমসাধু ও নসিমনের ছয় যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
হতাহতরা সবাই দিনমজুর বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
শনিবার সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি বাস সকাল ৬টার দিকে সরোজগঞ্জ বাজার এলাকায় সড়কের পাশ দিয়ে যাওয়া একটি আলমসাধু, একটি নসিমন ও একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও চারজন মারা যান। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহতরা সবাই আলমসাধু ও নসিমনের যাত্রী। তারা সবাই দিনমজুর। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন।
শনিবার বিকাল চারটার দিকে মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ-জামালপুর সড়কের মানকোন নামক স্থানে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তাগাছার মানকোন নামক স্থানে বিকাল চারটার দিকে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তারা মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বাসটি জামালপুরের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসছিল।
এ ঘটনায় ঘাতক বাসচালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ধামরাই: ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পুলিশ জানতে পারেনি কী ধরনের পরিবহন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছে। আজ শনিবার সকালে ধামরাইয়ের কসমস এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পেরেছে। নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৩২)। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মোটরসাইকেলটিকে পেছন থেকে কোনো একটি যানবাহন ধাক্কা দিয়েছে। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় কেউ জানাতে পারেনি কী ধরনের যানবাহন ধাক্কা দিয়েছে। সড়কে লাশটি পড়ে ছিল, সেটির কাছাকাছি দূরত্বে পড়ে ছিল মোটরসাইকেলটি।
ধামরাই থানার পুলিশ জানায়, আলাউদ্দিন মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। আজ সকাল ১০টার দিকে ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি যানবাহন তাঁকে ধাক্কা দেয়। যানবাহনের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
রাজধানী: রাজধানীতে পৃথক দুর্ঘটনায় এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীর রায়েরবাগ ও শনির আখড়ায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, শাকিল নাহার (৩০) ও মো. পারভেজ (২৮)।
শাকিল নাহারের স্বামী সোহরাব হোসেন বলেন, শনিবার সকালে তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও আট বছর বয়সী ছেলেকে নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ঢাকায় আসেন। তারা যাচ্ছিলেন নোয়াখালীতে। সকাল ৯টার দিকে রায়েরবাগ এলাকায় তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি তেলের গাড়ি ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে রাস্তার পাশে পড়ে যান। আমি হাতে সামান্য আঘাত পেয়েছেন, তার স্ত্রী শাকিল নাহার মাথায় আঘাত পান। তবে ছেলে তাওহিদ হাসান আঘাত পাননি।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, তেলের গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা হচ্ছে।
এদিকে শনিবার ভোররাতে শনির আখড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে চালক পারভেজ মারা যান।
ওসি মাজহারুল বলেন, পারভেজকে দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, পারভেজ আগে পিকআপ ভ্যান চালতেন।
ডিএন/সিএন/জেএএ/৬:১৮পিএম/৮৮২০২০২১

