ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
পৌর নির্বাচনে কেউ হারেনি, বিজয়ী হয়েছে গণতন্ত্রঃ ওবায়দুল
নিজস্ব প্রতিনিধি: এবারের পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়নি। দেশের বড় দুটি দল অংশ নিয়েছে। এতে কেউ হারেনি। গণতন্ত্রের জয় হয়েছে। শুক্রবার সকালে ফেনীর মহিপালের জিরো পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নির্বাচনে বিএনপির কোনো ভরাডুবি হয়নি। বড় দুটি দল অংশ নিয়েছে। এতে কেউ হারেনি। গণতন্ত্রের জয় হয়েছে।’
বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিলে এত হতাশ হতে হতো না। তবে পৌর নির্বাচনের এই ইতিবাচক ধারা বজায় রেখে তারা আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের আগে বিদ্রোহী হিসেবে অনেককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদের অনেকেই মেয়র নির্বাচিত হয়েছেন। তাদের ব্যাপারে দলের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ সময় তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯২ কিলোমিটারের মধ্যে ১৮৪ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ছয় লেন ফ্লাইওভারের দুই কিলোমিটারের কাজ সেনাবাহিনী করছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রথম স্তরের কাজ শেষ হবে।
মন্ত্রী জানান, ১৪৫টি কালভার্টের মধ্যে ১৪৩টি শেষ, দুটির কাজও শেষ পর্যায়ে রয়েছে। সব স্তরের কাজ শেষ হলে আগামী মে মাসের শেষ সপ্তাহে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কসহ প্রধানমন্ত্রী একসঙ্গে দুটি মহাসড়ক উদ্বোধন করবেন।
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

